Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে দিনব্যাপী সেবা ক্যাম্পে ছয় শতাধিক মানুষকে চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা প্রদান

বাঁশখালীতে দিনব্যাপী সেবা ক্যাম্পে ছয় শতাধিক মানুষকে চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা প্রদান

চট্টগ্রামের বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি এবং পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির আয়োজন এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন।

চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী শনাক্ত, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং চশমা বিতরণ করা হয়। চট্টগ্রাম লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হয়। এ ছাড়া বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পুনর্বাসন সহায়তার আওতায় অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ, জীবিকা নির্বাহের জন্য গবাদিপশু এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়া হয়। সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফ-এর নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। এ ছাড়া বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ এবং সম্মানিত অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, লায়নরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের সমন্বিত সেবামূলক উদ্যোগ প্রশংসনীয় এবং এ ধরনের কার্যক্রম অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

লায়ন সালমা আদিল বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাদের লক্ষ্য। মানুষের মর্যাদাপূর্ণ জীবন গড়তে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান।

অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের বিভিন্ন পদস্থ নেতা ও লিও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।

সংক্ষেপে:
বাঁশখালীতে লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী চক্ষুসেবা, বৃক্ষরোপণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। এতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।
বাঁশখালীতে দিনব্যাপী সেবা ক্যাম্পে ছয় শতাধিক মানুষকে চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা প্রদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ