চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা দেলোয়ার আজিমের বিরুদ্ধে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ নেওয়ার চেষ্টা চালানো হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে এই অপচেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে পুকুরটি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি দল ওয়াটার পাম্প দিয়ে পুকুরের পানি কমিয়ে মাছ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়মতো পদক্ষেপে অবৈধভাবে মাছ লুটের চেষ্টাটি ভেস্তে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তবে আনীত অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা দেলোয়ার আজিম দাবি করেছেন, পুকুর থেকে কেবল পানি সেচে নেওয়া হয়েছে, মাছ লুটের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, মাছ লুটের খবর পাওয়ার পরপরই সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। তিনি আরও জানান, সরকারি নিয়ম মেনে এই পুকুরের মাছ উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং বর্তমানে পুকুরটি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।



0 মন্তব্যসমূহ