চট্টগ্রামের বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ইজারার একটি সরকারি পুকুরের পানি সেচে মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের পুকুরে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও সচেতন জনতার হস্তক্ষেপে এই চেষ্টা ব্যর্থ হয়। অভিযুক্ত দেলোয়ার আজিম চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই দেলোয়ার আজিম পুকুরটি ইজারা নিলেও চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ শেষ হয়ে যায়। দুপুরে তিনি ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ লুটার চেষ্টা করলে স্থানীয় যুবদল নেতা এহসানুল হক পারভেজের সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন। যুবদল নেতা এহসানুল হক পারভেজ বলেন, সচেতন মহলকে সঙ্গে নিয়ে এই চুরির ঘটনা প্রতিহত করা হয়েছে। তবে দেলোয়ার আজিম মাছ লুটের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মাছগুলো তিনি কিনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুরের মাছ উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এদিকে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ইজারার সরকারি পুকুরে পানি সেচে মাছ লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ ও স্থানীয়দের হস্তক্ষেপে তা পণ্ড হয়ে যায়।
-6ad7649d669ca.webp)


0 মন্তব্যসমূহ