দেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে এবং উপকূলীয় এলাকায় নজরদারি বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া পাঁচটি অত্যাধুনিক টহল বোট। বৃহস্পতিবার জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় এই বোটগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। অনুষ্ঠানে জাপানি প্রতিনিধিদলের সদস্যসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ২০২৩ সালের নভেম্বর মাসে এই উচ্চগতিসম্পন্ন টহল বোটগুলো সংগ্রহের চুক্তি হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ‘বানৌজা নির্ভীক’-এ নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতিটি বোট ১৬.১৫ মিটার দীর্ঘ এবং ১৩.৫ টন ধারণক্ষমতাসম্পন্ন। সর্বোচ্চ ৩২ মাইল গতিতে চলতে সক্ষম এই বোটগুলো দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ ও দুর্গম নৌপথে কার্যকর অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়াবে। একইসঙ্গে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি অত্যাধুনিক টহল বোট দিয়েছে জাপান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই বোটগুলো হস্তান্তর করা হয় যা উপকূলীয় টহল বৃদ্ধিতে সহায়ক হবে।



0 মন্তব্যসমূহ