দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে জাপানের পক্ষ থেকে ৫টি পেট্রল বোট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জাপানের ‘অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ)’ প্রকল্পের আওতায় এই বোটগুলো আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়াও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাপানি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৩ সালের নভেম্বরে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির ধারাবাহিকতায় এই বোটগুলো সংগ্রহ করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং পরবর্তীতে নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬.১৫ মিটার এবং এগুলো সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। অগভীর ও দুর্গম নৌপথে কার্যকর অভিযান পরিচালনায় এই বোটগুলো বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে উপকূলীয় নিরাপত্তা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
জাপানের ওএসএ প্রকল্পের আওতায় বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৫টি অত্যাধুনিক পেট্রল বোট। সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও দুর্যোগ মোকাবিলায় এই বোটগুলো উপকূলীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



0 মন্তব্যসমূহ