চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১০ নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত প্রভাব বিস্তারের জেরে গত তিন দিন ধরে নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে। গত ১৪ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানীয় সরকার কার্যালয়টি তালাবদ্ধ থাকায় তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এর ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয়তা সনদ এবং ওয়ারিশান সনদসহ জরুরি সেবামূলক কাজ করতে এসে প্রতিদিন শত শত সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে ফিরে যাচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল আজমের মৌখিক নিষেধাজ্ঞা ও পরোক্ষ হুমকির কারণে পরিষদের প্রধান চালিকাশক্তি ইউপি সচিব মোঃ শওকত আলী এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহাদাত আলম মারুফ কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ডিজিটাল উদ্যোক্তা শাহাদাত আলম মারুফ অভিযোগ করেছেন, সাবেক চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে তাদের কার্যালয়ে আসতে নিষেধ করেছেন এবং তাদের রাজনৈতিক তকমা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি আরও জানান, সরকারি বিধিমালা অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এমন হুমকির মুখে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শওকত আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি বর্তমানে মানসিক চাপে রয়েছেন। এদিকে, সাবেক চেয়ারম্যান শহীদুল আজম ডিজিটাল উদ্যোক্তাকে কার্যালয়ে আসতে নিষেধ করার বিষয়টি স্বীকার করলেও সচিবকে হুমকির তথ্যটি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, উক্ত উদ্যোক্তার কাছে কোনো বৈধ নিয়োগপত্র নেই। সচিবের বিষয়ে তিনি জানান, অসুস্থতার কারণে সচিব বর্তমানে ছুটিতে রয়েছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চলমান সংকট ও নাগরিক সেবা বন্ধ থাকার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। সরকারি কাজে বাধা সৃষ্টি ও কার্যালয় বন্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ইউপি সচিব বর্তমানে অসুস্থতাজনিত কারণে ছুটিতে আছেন। এদিকে, সাধারণ জনগণ দ্রুত ইউনিয়ন পরিষদ কার্যালয়টি সচল করতে এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন পরিষদে রাজনৈতিক দ্বন্দ্বে তিন দিন ধরে তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারীদের হুমকির মুখে নাগরিক সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।



0 মন্তব্যসমূহ