চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা উৎসব উপভোগ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জগন্নাথ দে নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ হাটহাজারী উপজেলার বারুইপাড়া গ্রামের প্রবাসী রুবেল দের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে মা জবা দেবীর সঙ্গে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাইন্নারখোলা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। বিকেলে সড়কের পাশে দাঁড়িয়ে তারা রথযাত্রা দেখছিলেন। এমন সময় বাঁশবাড়িয়া সৈকতের দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা জগন্নাথকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি না থেমে শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফখরুল আমিন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাড়ে চার বছরের শিশু জগন্নাথ দের মৃত্যু হয়েছে। ঘাতক অটোরিকশাটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।



0 মন্তব্যসমূহ