Recents in Beach

ব্রেকিং নিউজ

ইউল্যাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লংমার্চ বিজয় উদ্‌যাপিত

ইউল্যাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লংমার্চ বিজয় উদ্‌যাপিত

রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লংমার্চ বিজয়ের ৯০তম বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। গত বুধবার (১ জুলাই ২০২৬) ইউল্যাব ক্যাম্পাস প্রাঙ্গণে ‘গ্রেট জার্নি, শেয়ার্ড ফিউচার’ শীর্ষক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউল্যাব, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল চীনের ইতিহাস, রাষ্ট্র পরিচালনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে ফটো ও ভিডিও প্রদর্শনী, বই মেলা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শনী। শিক্ষার্থীরা চীনের প্রাচীন ক্যালিগ্রাফি ও পেপার কাটিং শিল্পের প্রদর্শনী উপভোগ করার সুযোগ পান। উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র ‘গুঝেং’ বাজিয়ে শোনান।

অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় হবে। এটি দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও বোঝাপড়াকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সমাপনী অধিবেশনে ‘দ্য স্টোরি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না’ শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সংস্কৃতি কাউন্সিলর লি শাওপেং। তিনি তার বক্তব্যে চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক অবদান, লংমার্চ বিজয়ের গুরুত্ব এবং চীনের উন্নয়ন যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হুয়াং মউকংসহ বিভিন্ন চীনা প্রতিনিধি ও শিল্পীবৃন্দ। ইউল্যাবের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য এবং রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লংমার্চ বিজয়ের ৯০ বছর উদ্‌যাপিত হয়েছে। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউল্যাব, চীনা দূতাবাস ও কনফুসিয়াস ইনস্টিটিউট।
ইউল্যাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লংমার্চ বিজয় উদ্‌যাপিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ