সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হওয়ার যে বিজ্ঞপ্তিটি ছড়িয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে প্রচারিত ওই বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কমিটির কোনো সম্পৃক্ততা নেই। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি বা নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে কমিটি।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রামসহ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছিল।
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু হওয়ার খবরটি গুজব। আন্তশিক্ষা বোর্ড জানিয়েছে, এই বিজ্ঞপ্তিটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। সঠিক তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।


0 মন্তব্যসমূহ