সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে দাবি করা হচ্ছে যে, আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই দাবির কোনো সত্যতা নেই এবং প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বিষয়েও সতর্ক করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নামে ছড়ানো বিজ্ঞপ্তিটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বিভ্রান্তি এড়াতে সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড পেজ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।



0 মন্তব্যসমূহ