আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান দেশের সকল মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে এই সংক্রান্ত একটি গোপনীয় চিঠি পাঠিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলের চেষ্টা হতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচিতে বাধা দিলে তাদের ওপরও চড়াও হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে। এই নির্দেশনার পর দেশের বিভিন্ন জেলা ও মহানগরে গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য জমায়েত স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ কোনো আশঙ্কা নেই, তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট তল্লাশি, টহল এবং বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তামূলক ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। পতাকা উত্তোলন ও মিছিলের চেষ্টায় বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।



0 মন্তব্যসমূহ