চট্টগ্রাম নগরের অক্সিজেন থেকে রাউজান পর্যন্ত মাত্র ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগছে প্রায় ৫ ঘণ্টা। স্বাভাবিক সময়ে এই দূরত্ব অতিক্রম করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে সড়কের ওপর বসা পশুর হাটের কারণে এই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নগরের অক্সিজেন মোড় থেকে বাস ছাড়ার পর আমানবাজার এলাকা থেকেই শুরু হয় ধীরগতি। বড়দীঘির পাড়, ফতেয়াবাদ এবং চৌধুরী হাট এলাকায় সড়কের ওপর পশুর হাট বসায় যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম ও থেমে থেমে বৃষ্টি। বাসের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। অনেক যাত্রী নিরুপায় হয়ে বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রীরা অভিযোগ করেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করা হলেও সড়কের অব্যবস্থাপনা ও যত্রতত্র পশুর হাটের কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। বিশেষ করে হাটহাজারী ও রাউজান অভিমুখী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে জানান ভুক্তভোগীরা।
চট্টগ্রামের অক্সিজেন থেকে রাউজান যেতে ৪০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগেছে ৫ ঘণ্টা। সড়কের ওপর পশুর হাট ও অব্যবস্থাপনায় ঈদে ঘরমুখো যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।



0 মন্তব্যসমূহ