মানবসভ্যতার ইতিহাসে গরু ও ছাগলের মধ্যে কোনটি আগে গৃহপালিত হয়েছিল, তা নিয়ে কৌতূহল দীর্ঘদিনের। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, প্রায় ১০ হাজার ২০০ বছর আগে ইরানের জাগরোস পর্বতমালায় ছাগল প্রথম মানুষের আঙিনায় ঠাঁই পায়। গঞ্জ দারেহ প্রত্নস্থলে পাওয়া ছাগলের হাড় বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, সেই সময়েই মানুষ পরিকল্পিতভাবে ছাগল পালন ও নিয়ন্ত্রণ শুরু করেছিল। সেখানে স্ত্রী ছাগলকে বাঁচিয়ে রেখে নির্দিষ্ট বয়সের পুরুষ ছাগল জবাই করার প্রমাণ পাওয়া গেছে, যা বন্য প্রাণীর ক্ষেত্রে অসম্ভব।
জিন বিজ্ঞানের তথ্যমতে, আধুনিক গৃহপালিত ছাগলের একটি বড় অংশ এসেছে তুরস্ক ও জাগরোস পর্বতমালা থেকে। অন্যদিকে, গরুর গৃহপালনের ইতিহাসও প্রায় সমসাময়িক। ইউরোপ ও শীতল অঞ্চলের ‘টরিন’ গরু প্রায় ১০ হাজার ৫০০ বছর আগে এবং উষ্ণ অঞ্চলের ‘জেবু’ গরু প্রায় ৮ হাজার বছর আগে সিন্ধু সভ্যতায় গৃহপালিত হতে শুরু করে। তবে সুনির্দিষ্ট কৌশলগত প্রমাণের ভিত্তিতে ছাগলকেই টেকনিক্যালি এগিয়ে রাখছেন গবেষকরা।
গবেষকদের মতে, ছাগল আকারে ছোট এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় মানুষ একে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিল। বিপরীতে, বন্য গরু বা ‘উরো’ ছিল অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক, যার ওজন ছিল প্রায় এক টন। ফলে গরু পোষ মানানো ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে একবার গৃহপালিত হওয়ার পর গরু কৃষি বিপ্লবের প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়। ছাগল ও গরুর এই দীর্ঘকালীন সহাবস্থান মানবসভ্যতাকে দুধ, মাংস ও কৃষিকাজে অভাবনীয় সমৃদ্ধি এনে দিয়েছে।
মানবসভ্যতার ইতিহাসে গরু ও ছাগলের মধ্যে কোনটি আগে গৃহপালিত হয়েছিল? ১০ হাজার বছরের পুরনো ইতিহাস ও গবেষণার আলোকে জেনে নিন এই দুই প্রাণীর বিবর্তনের রোমাঞ্চকর তথ্য।



0 মন্তব্যসমূহ