চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগের ঘটনায় দুই কর্মকর্তাকে শোকজ করেছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়। গত বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন। শোকজ করা হওয়া দুই কর্মকর্তা হলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) সুমন কর্মকার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সংবাদ প্রকাশের দুই-তিন দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা হিসেবে শোকজ করা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর তা বিশ্লেষণ করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১৬ অক্টোবর বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সরকারি কর্মঘণ্টা না মানা, দেরিতে অফিসে উপস্থিত হওয়া, সেবা দেওয়ার নামে অর্থ আদায় এবং বন্যার্ত খামারিদের জন্য বরাদ্দকৃত সহায়তা বণ্টনে অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের লিখিত জবাব এবং পরবর্তী প্রশাসনিক তদন্তের ফলাফলের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
বাঁশখালী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ ওঠার পর দুই কর্মকর্তাকে শোকজ করেছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।
-6ae570c440d1e.webp)


0 মন্তব্যসমূহ