নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি এই তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরাইলের পক্ষ থেকে ক্রমাগত নিরাপত্তা হুমকির কারণেই মোজতবা খামেনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আয়াতুল্লাহ হাকিম এলাহি আরও জানান, সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে কঠোর হুমকি প্রদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হুমকির জবাব অত্যন্ত কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিনে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। প্রতিকূল নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল।
ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানাজা ও দাফনের আয়োজন সম্পন্ন করা হবে। এই উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী, রাজধানী তেহরানে প্রায় দুই কোটি এবং পুরো দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়া বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১৪ হাজার সাংবাদিকের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া ১ কোটি ২ লাখ মানুষের রেকর্ড এবার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরান ও ইরাকে মোট ছয় দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শেষ বিদায় অনুষ্ঠান হবে এবং প্রথম দিনেই জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে প্রধান শোকযাত্রা এবং ৮ জুলাই মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় জানাজার জন্য নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদে হযরত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
ইসরাইলি নিরাপত্তা হুমকির কারণে প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিচ্ছেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আগামী সপ্তাহে ইরান ও ইরাকে তার দাফন সম্পন্ন হবে।



0 মন্তব্যসমূহ