ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বাইসাইকেল বিতরণে অনিয়ম ও গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে উপজেলার নতুন ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের দুধসর সড়ক সংলগ্ন আলফালা সেন্টারে আয়োজিত এক রুকন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর সম্মেলনে এই ঘোষণা দেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনে মাওলানা তাজুল ইসলাম সভাপতিত্ব করলেও জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা আমির তাকে তিন মাসের জন্য বরখাস্তের ঘোষণা দেন।
দায়িত্ব পাওয়ার পর আজিজুর রহমান মাস্টার জানান, সরকারি বাইসাইকেল বিতরণ নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক খবর আসায় দলের ভাবমূর্তি রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জামায়াত এই পদক্ষেপ নেয়। সম্মেলনে জামায়াত নেতা মোয়াবিয়া, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ প্রায় দুই শতাধিক রুকন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সরকারি বাইসাইকেল বিতরণে অনিয়মের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াত আমির মাওলানা তাজুল ইসলামকে ৩ মাসের অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান মাস্টার।



0 মন্তব্যসমূহ