চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এই সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম। কাস্টমস হলে তল্লাশির সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর বিমানবন্দরে দায়িত্বরত ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তত্ত্বাবধানে ওই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। ননস্টিক প্যান, সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় এসব সোনা লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পণ্যের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার দণ্ড এবং যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি পাওয়া যায়। উদ্ধার করা মোট ৫৬৬ গ্রাম সোনার আনুমানিক দাম ১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালান আইনে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাঁশখালীর এক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।



0 মন্তব্যসমূহ