২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে প্রসিকিউটর জহিরুল আমিন ও প্রসিকিউটর মার্জিনা রায়হান ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এই মামলায় বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক দম্পতি মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। অন্যদিকে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ থেকে ৬১ জন নিহত হন। তদন্ত সংস্থা ঢাকার ৩২ জন, নারায়ণগঞ্জের ২০ জন, চট্টগ্রামের ৫ জন এবং কুমিল্লার ১ জনের পরিচয় শনাক্ত করেছে। এর আগে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করা হয়েছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে আজ প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে এই চার্জ দাখিল করল।
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধানসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।



0 মন্তব্যসমূহ