রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি ও মন্ত্রিপরিষদ বৈঠকের ব্যস্ততা শেষে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোমলমতি শিক্ষার্থীরা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একইসাথে শিক্ষকদের প্রতিও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আদর্শ প্রজন্ম গড়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আগামী দিনের নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সংসদ কার্যক্রম দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান। তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী, গ্রন্থাগার ও চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন। এর আগে প্রধানমন্ত্রী দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সকালে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান থেকে শুরু করে সংসদ অধিবেশন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন তিনি।
রাষ্ট্রীয় ব্যস্ততা শেষে সংসদ ভবনে কুমিল্লার লালমাইয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।



0 মন্তব্যসমূহ