আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ) এবং রিক্কিও ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ জুলাই) এআইইউবি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে প্রমাণভিত্তিক আলোচনা এবং একাডেমিক সংলাপকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজন করা হয়।
সেমিনারে স্বাগত বক্তব্যে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সিএমএস ফেলো এবং রিক্কিও ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাওনোরি কুসাকাবে বাংলাদেশ ও জাপানের মধ্যে বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমসাময়িক আঞ্চলিক কৌশলগত আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন সেন্টার ফর মিডল ইস্টার্ন স্টাডিজের (সিএমএস) পরিচালক ড. আকিকো হোরিবা, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর ও সিএমএস ফেলো ড. মাসাতো তোরিয়া এবং এসপিএফের প্রোগ্রাম অ্যাসোসিয়েট মিস কিয়োকা ওইমাতসু। তাদের বক্তব্যে বাংলাদেশের সঙ্গে একাডেমিক সহযোগিতা ও নীতিনির্ভর গবেষণা অংশীদারিত্ব সম্প্রসারণে জাপানের আগ্রহের বিষয়টি উঠে আসে।
সমাপনী বক্তব্যে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা এবং গঠনমূলক নীতিনির্ধারণী সংলাপকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। তিনি দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতা অনুধাবনে গবেষণার গুরুত্ব ব্যাখ্যা করেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এআইইউবির ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আলী রেজা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’র সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম মাহিউদ্দিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সালেহ মো. শাহরিয়ার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধ্যাপক শাহাব এনাম খান। অনুষ্ঠানে এআইইউবির সহ-উপাচার্য অধ্যাপক আব্দুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
এআইইউবিতে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা আঞ্চলিক কৌশলগত নানা দিক নিয়ে আলোচনা করেন।



0 মন্তব্যসমূহ