ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কালিয়ানীকান্দা নতুন বাজারে এলাকার সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা মাদককে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথে পরিচালিত হচ্ছে এবং সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা রশিদ ডাক্তার ও সৈয়দ আলী, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এবং যুবদল নেতা আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাসুদ রানা, কালাম, রিপন এবং সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির, কাঞ্চন, নজরুল ইসলাম ও খায়রুল ডাক্তার। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা হালুয়াঘাট উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কালিয়ানীকান্দা নতুন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



0 মন্তব্যসমূহ