ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা এই দিনব্যাপী ইউনিট সভাপতি সম্মেলনের আয়োজন করে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি সেলিম উদ্দিন বলেন, একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্বের বিকল্প নেই। বর্তমান সময়ের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি, আল্লাহভীতি এবং জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি ইউনিট সভাপতিদের দায়িত্বকে আমানত হিসেবে অভিহিত করে সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সম্মেলনে সেলিম উদ্দিন আরও উল্লেখ করেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও আদর্শ ফুটিয়ে তুলতে হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এই নেতা।
সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন এবং নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন এবং ইতিবৃত্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ ইসলামী সংগীত পরিবেশন করে।
কুমিল্লায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণের পরামর্শ দেন।



0 মন্তব্যসমূহ