গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী একই স্থানে নিজ নিজ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। একই সময়ে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
গাইবান্ধার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, দুটি রাজনৈতিক দল একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সম্ভাবনা ছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা রাত ১১টা পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ চলাকালীন এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, অস্ত্র বা লাঠি বহন, স্লোগান, মিছিল এবং মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জননিরাপত্তা রক্ষায় মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।



0 মন্তব্যসমূহ