চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনার ২০ ঘণ্টা পার হলেও নিখোঁজ গৃহবধূ কণিকা দাশের (২০) কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা তাঁর খোঁজ পাননি। নিখোঁজ কণিকা দাশ উপজেলার কোদালা ইউনিয়নের জেলেপাড়ার রুবেল দাশের স্ত্রী। তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাটসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। ওইদিন কণিকা তাঁর মায়ের বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন। নৌকাডুবির পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃতদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রাজ ঘোষ নামের দুই বছরের এক শিশুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস নদীতে তল্লাশি চালালেও তীব্র স্রোত ও বৈরী পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এদিকে নিখোঁজ গৃহবধূর সন্ধানে নদীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয়জনের সন্ধান না পাওয়ায় নদীর তীরে স্বজনদের আহাজারি থামছে না।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ২০ ঘণ্টা পার হলেও নিখোঁজ গৃহবধূ কণিকা দাশের সন্ধান মেলেনি। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীর তীর।



0 মন্তব্যসমূহ