ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঘোষণায় জানান, পাকিস্তান সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সকল অনুমোদনহীন ভবন গুঁড়িয়ে দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। মূলত সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। রাজস্থান সফরকালে অমিত শাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমান্ত অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে অনুপ্রবেশ, দখলদারি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় অভিযান জোরদারের কথা বলা হয়েছে। ভারতের এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর কাশ্মীরে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ হামলা ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ৭০ জন নিহত হয়েছিলেন। প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে দুই দেশই একে অপরের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও উভয় পক্ষই তা অস্বীকার করে।
ভারত-পাকিস্তান সীমান্তে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে ভারত সরকার। অনুপ্রবেশ ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কঠোর ঘোষণা দেন।



0 মন্তব্যসমূহ