চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া ব্রিজ ও ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও থ্রি-হুইলার লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিকলবাহা আদর্শপাড়া তালতল এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কর্ণফুলী এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি এবং উল্টো পথে বাস চলাচলই এই দুর্ঘটনার প্রধান কারণ।
চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে আসা দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



0 মন্তব্যসমূহ