চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের মক্কায় পবিত্র হজের মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন ইরানি হাজিরা। বুধবার (২৭ মে) মক্কায় অবস্থানরত ইরানি মুসল্লিরা একত্রিত হয়ে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নির্দিষ্ট স্থানে ধর্মীয় রীতি ও দোয়া মাহফিল শেষে সমবেত হাজিরা সমস্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এ সময় তাদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতার ছবি ও পোস্টার দেখা যায়। বিক্ষোভ সমাবেশ থেকে হাজিরা যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টিকারী দেশ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বিশেষ বার্তায় এবারের হজে আমেরিকা ও ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। সেই বার্তার পরপরই মক্কায় ইরানি হাজিদের এই বড় ধরনের রাজনৈতিক শোডাউন দেখা গেল। সাধারণত হজের সময় সৌদি আরব কর্তৃপক্ষ যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা বিক্ষোভের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রাখলেও, এই ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা বাধার খবর পাওয়া যায়নি।
মক্কায় হজের মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন ইরানি হাজিরা। ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহ্বানে সাড়া দিয়ে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন তারা।



0 মন্তব্যসমূহ