জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন এনসিপি নেতাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে বলেন, রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দেওয়া হচ্ছে, সেই টাকা কোথায় থেকে আসছে? তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রটোকল এবং সারজিস আলম ও নাহিদ ইসলামের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন। এনসিপি নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই, এই চুক্তি এনসিপি করিয়েছে।
গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসা এই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে বলেন, ঝিনাইদহ সফরকালে তিনি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তার ওপর ছাত্রদলের কেউ হামলা করেনি বরং সাধারণ জনগণই তাকে প্রতিহত করবে।
একই সঙ্গে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারা কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বর্তমানে বিএনপি সরকারকে পতনের ভয় দেখাচ্ছে এবং এনসিপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসানসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির আয়ের উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। ঝিনাইদহে সংবাদ সম্মেলনে তিনি এনসিপি ও জামায়াতের কঠোর সমালোচনা করেন এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেন।


0 মন্তব্যসমূহ