দেশে কৃষিজমি কমে যাওয়া উদ্বেগের বিষয় উল্লেখ করে যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষিজমি রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া ও সালন্দর ইউনিয়নে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মির্জা ফখরুল জানান, উন্নয়ন কর্মকাণ্ডে যতটা সম্ভব কৃষিজমি রক্ষা করার চেষ্টা করা হবে। প্রয়োজনে অবকাঠামো ওপরের দিকে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হবে যাতে কৃষির ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি, পরিবেশ এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।
কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি দুর্নীতির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন।



0 মন্তব্যসমূহ