রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১২০ জনকে শিক্ষাবৃত্তি, ১২ জনকে সেলাই মেশিন এবং ৪টি পরিবারকে বসতঘর প্রদান করা হয়। এসব সহায়তায় মোট ব্যয় হয়েছে ২৭ লাখ ১১ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করছে। জনগণের আমানত রক্ষায় উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠী আমাদের ঐতিহ্যের অংশ। তাদের সন্তানদের শিক্ষার পথ সুগম করতে যাতায়াত সুবিধার জন্য বাইসাইকেল ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থী রত্না বিশ্বাস। সে জানায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক হওয়ায় আগে তাকে হেঁটে যেতে হতো। এখন সাইকেল পাওয়ায় সে দ্রুত ও নিয়মিত স্কুলে যেতে পারবে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রাজ কুমার শাও, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক এবং যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের এসব উদ্যোগের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহীর পবায় প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করেছেন এমপি শফিকুল হক মিলন। উন্নয়ন কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।



0 মন্তব্যসমূহ