চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ-463 ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রতিনিধিরা কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় এক যাত্রীকে নজরদারিতে রাখেন। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী (পাসপোর্ট নম্বর- A13908810)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। তল্লাশিকালে ওই যাত্রীর পরিহিত পায়জামার বেল্ট এবং আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্বর্ণ চোরাচালান ও মুদ্রা পাচার রোধে বিমানবন্দরভিত্তিক গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও বেবিচক সমন্বিতভাবে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। দুবাই ফেরত ওই যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।



0 মন্তব্যসমূহ