সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার ভোর সোয়া চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত তিন মাস ধরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ ভোরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান। তিনি জানান, মরহুমের মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আজ রাত ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।



0 মন্তব্যসমূহ