চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে কাঠের বাটামের আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জমিলা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদি গ্রামের মো. নুরুল আলমের ছেলে এবং অভিযুক্ত জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে বাঁশখালী পৌরসভার ধূইল্যাঝিরি এলাকায় নাতনিকে শাসন করা নিয়ে হোসনে আরা বেগমের (৬০) ওপর চড়াও হন জমিলা আক্তার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঝগড়া থামাতে প্রতিবেশী রাশেদসহ কয়েকজন এগিয়ে যান। অভিযোগ রয়েছে, ওই সময় ক্ষিপ্ত হয়ে জমিলা আক্তার কাঠের বাটাম দিয়ে রাশেদের মাথায় আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ফরিদা বেগম ও রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে জমিলা আক্তার তার শাশুড়ি হোসনে আরা বেগমকে প্রায়ই নির্যাতন করতেন এবং এই পারিবারিক বিরোধ মেটাতে পূর্বে একাধিকবার সালিশও হয়েছিল। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালীতে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর কাঠের আঘাতে মোহাম্মদ রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ