রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় চাঁদাবাজবিরোধী মিছিলের প্রস্তুতিকালে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ব্যবসায়ী কবিরসহ অন্যদের দেখতে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিবাদ জানান। নূরুল ইসলাম বুলবুল বলেন, খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু এবং তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। বিকেল ৫টায় ব্যবসায়ীদের ওপর হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ডালিম, টিটো, ফারুক, স্বপন ও রনজুর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবসায়ী কবির মারাত্মকভাবে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন এবং বর্তমানে তার অপারেশনের প্রস্তুতি চলছে। এছাড়া গুরুতর আহত এনামুল, ওমর ফারুক, সুলতান উদ্দিন ও পারভেজসহ অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জামায়াত নেতা বুলবুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিডিও ফুটেজ দেখে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার না করলে ব্যবসায়ী সমাজ পুলিশের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান। প্রেস ব্রিফিংকালে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এবং শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
গুলিস্তানে চাঁদাবাজবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল। আহতদের দেখতে গিয়ে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন।



0 মন্তব্যসমূহ