জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিটে (ইউএন-কপস-৫) অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্মেলনে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সফরের সূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ছাড়াও ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি অধিবেশনে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি উচ্চপর্যায়ের নৈশভোজেও যোগ দেবেন।
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে।
আগামী ৫ জুলাই দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
জাতিসংঘ পুলিশ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। বৈঠকে শান্তিরক্ষা ও পুলিশি সক্ষমতা নিয়ে আলোচনা হবে।



0 মন্তব্যসমূহ