বেনাপোল স্থলবন্দরে ‘কোয়ার্টজ পাউডার’ ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত একটি চালানে বিপুল পরিমাণ ভায়াগ্রার কাঁচামাল (সিলডেনাফিল সাইট্রেট) ও বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধের অননুমোদিত কাঁচামাল জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উচ্চমূল্যের এই চালানটি চুরির আশঙ্কায় সংশ্লিষ্ট পণ্যগারে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের চিঠির পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ আনসার, বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এবং নিজস্ব গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করেছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ঢাকার কামরাঙ্গীরচরের মেসার্স আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে প্রায় ১৬ টন পণ্য আমদানি করে। আমদানিপত্রে পণ্যটির নাম ‘কোয়ার্টজ পাউডার’ উল্লেখ করা হলেও গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩২ নম্বর শেডে নজরদারি বাড়ায় কাস্টমস। পরে কায়িক পরীক্ষা ও ল্যাবরেটরি বিশ্লেষণে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রার কাঁচামালসহ বিপুল পরিমাণ অননুমোদিত রাসায়নিক উদ্ধার করা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল হায়দার অ্যান্ড সন্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
জব্দকৃত চালানে আরও পাওয়া গেছে ৮ হাজার ২০০ কেজি কোয়ার্টজ পাউডার, ১২০ কেজি ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ৪৯৫ কেজি এটোরিকক্সিব, ১৮০ কেজি হাইড্রোকুইনোন, ২ হাজার ১৫০ কেজি ওমিপ্রাজল বা এসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট, ৪০ কেজি মন্টেলুকাস্ট সোডিয়াম, ১০০ কেজি রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট, ২৫ কেজি ডমপেরিডন, ৩৫০ কেজি সেফট্রিয়াক্সন সোডিয়াম, ১০০ কেজি ক্যাফেইন এবং ৫০ কেজি স্যালিসিলিক অ্যাসিড।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামী এক চিঠিতে জানান, একটি চক্র এই চালানটি সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, কাস্টমসের অনুরোধে আনসার সদস্য, বেসরকারি নিরাপত্তা সংস্থা আল-আরাফাত ও বন্দরের নিজস্ব গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, এসব নিয়ন্ত্রিত রাসায়নিক বাজারে প্রবেশ করলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতো। স্থানীয় ব্যবসায়ী রহমত আলী অসাধু ব্যবসায়ীদের কারণে সৎ ব্যবসায়ীদের হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও বায়েজিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সোডিয়াম গ্লাইকুলেট ঘোষণায় ভায়াগ্রার কাঁচামাল আমদানি করেছিল, যা বর্তমানে বন্দরের ৩৪ নম্বর শেডে সংরক্ষিত রয়েছে।
বেনাপোল বন্দরে কোয়ার্টজ পাউডার ঘোষণায় আসা বিপুল পরিমাণ ভায়াগ্রার কাঁচামাল ও ওষুধের অননুমোদিত উপাদান জব্দ করেছে কাস্টমস। চালানটি রক্ষায় বন্দরে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ