সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এই অতর্কিত হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
হামলায় আহতদের মধ্যে মো. শাহীন খন্দকার, মো. জসিম ও মো. শাহাদাত হোসেনের পরিচয় পাওয়া গেছে। অন্য একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. হাসান জানান, হাসপাতালে চারজন চিকিৎসা নিতে এসেছেন। একজনের পায়ে গুরুতর জখম রয়েছে। তিনজনকে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সাভারে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের নেতাকর্মীরা।
সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। ঘটনার সময় মঞ্চে নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই হামলার প্রতিবাদে মিছিল করেছে দলটি।



0 মন্তব্যসমূহ