Recents in Beach

ব্রেকিং নিউজ

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের অতর্কিত হামলা ও ভাঙচুর, আহত ১০ নেতাকর্মী

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের অতর্কিত হামলা ও ভাঙচুর, আহত ১০ নেতাকর্মী

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থক। হামলায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও তিনি জানান।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। এতে ১০ জন আহত ও ২০টির বেশি বাইক ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের অতর্কিত হামলা ও ভাঙচুর, আহত ১০ নেতাকর্মী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ