প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল সেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস বৈঠকে অংশ নেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি এই গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইন্টারনেটের দাম আরও কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার বিষয়টি বিবেচনা করতেও তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিওন চেয়ারম্যান অগি ফাবেলা। বৈঠকে ইন্টারনেট ও স্মার্টফোনের দাম কমিয়ে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।



0 মন্তব্যসমূহ