রাজধানীর পুরানা পল্টনে অমর প্রকাশনীর কার্যালয়ে সাংবাদিক অমর সাহার নতুন বই ‘স্যালুট প্রথম আলো তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা সম্পন্ন হয়। ঢাকার অমর প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির লেখক অমর সাহা বর্তমানে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি হিসেবে কর্মরত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শংকর সাওজাল। রাজনৈতিক বিশ্লেষক হাসান আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান এবং কবি মো. রফিকুল ইসলাম। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাফিউর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের ও সাংবাদিক পরিতোষ দেবনাথসহ বইটির লেখক অমর সাহা অনুষ্ঠানে অংশ নেন।
বইটির গুরুত্ব তুলে ধরে শংকর সাওজাল বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গত এক বছরে প্রথম আলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এই বইটিতে স্থান পেয়েছে। পাশাপাশি প্রথম আলো ও ভোরের কাগজে প্রকাশিত কিছু নির্বাচিত প্রতিবেদনও এতে যুক্ত করা হয়েছে, যা এই নির্বাচন ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। অধ্যক্ষ এম এ মান্নান তার বক্তব্যে বইটিকে নির্ভীক সাংবাদিকতার এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, লেখক অমর সাহা ১৯৬৮ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকেই কলকাতা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং এর আগে ভোরের কাগজের কলকাতা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক অমর সাহার নতুন বই ‘স্যালুট প্রথম আলো তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬’-এর মোড়ক উন্মোচন হয়েছে। ঢাকার পুরানা পল্টনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



0 মন্তব্যসমূহ