দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আজ রবিবার (২৮ জুন) থেকে দেশের নির্দিষ্ট পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর এই ঘোষণা দেন। তিনি জানান, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে এবং চিকিৎসাপ্রত্যাশীদের সুবিধার্থে মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি বড় শহরের আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরের কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে পর্যটনসহ নিয়মিত ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছিল ভারত।
আবেদনকারীদের প্রথমে নির্দিষ্ট লিংকে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করে তা ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে সাইন-আপ করে আবেদনপত্রের পিডিএফ আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে লগইন করে পরবর্তী দিনের জন্য সময় নির্ধারণ করতে হবে।
ভিসা আবেদনের জন্য অন্তত ৬ মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, এনআইডি বা জন্ম নিবন্ধনের কপি এবং বর্তমান ঠিকানার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি প্রয়োজন হবে। এছাড়া পেশাভেজে এনওসি বা ট্রেড লাইসেন্স এবং ১৫০ ডলার সমমূল্যের এন্ডোর্সমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ফি না থাকলেও আইভ্যাক-এর প্রসেসিং চার্জ বাবদ ১,৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এসএমএস-এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের সময় জানিয়ে দেওয়া হবে।
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করল ভারত। আজ থেকে ঢাকা ও চট্টগ্রামসহ ৫টি কেন্দ্রে আবেদন নেওয়া শুরু হচ্ছে। জেনে নিন আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় তথ্যাদি।



0 মন্তব্যসমূহ