Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে জমি দখল ও মাদকের আস্তানার অভিযোগ, মামলায় স্কুলছাত্রকে প্রাপ্তবয়স্ক দেখানোর দাবি

বাঁশখালীতে জমি দখল ও মাদকের আস্তানার অভিযোগ, মামলায় স্কুলছাত্রকে প্রাপ্তবয়স্ক দেখানোর দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলে উত্তরাধিকারসূত্রে পাওয়া নিজের সম্পত্তি বিক্রির পর ভাইবোনদের জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ এবং সেখানে মাদকের আস্তানা গড়ে তোলার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইলিয়াছ প্রকাশ এলাহীর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় উল্টো আপন ভাই, বোনের জামাইসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অনুসন্ধানে পাওয়া নথি ও পরিবারের বক্তব্য অনুযায়ী, ইলিয়াছের বিরুদ্ধে মাদক, হত্যা, নারীসংক্রান্ত অপরাধ, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মামলা থাকার অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, তিনি বিভিন্ন এলাকায় নিজেই ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেন। মামলার নথিতেও তাঁর একাধিক নাম বা প্রকাশ নামের উল্লেখ পাওয়া যায়।

এমনকি ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ২০০১ সালে তাঁর পিতা সৈয়দ আহমদ তাঁকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছিলেন বলে পরিবারের দাবি। এ সংক্রান্ত থানায় সাধারণ ডায়েরির একটি আবেদনের অনুলিপিও পাওয়া গেছে। সেখানে ছেলের ভবিষ্যৎ বেআইনি কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন পিতা।

এদিকে ২০২০ সালের ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে শেখেরখীল এলাকায় ‘এলাহী’ নামে এক ব্যক্তি ও তাঁর সহযোগীকে ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ প্রশাসনের হাতে তুলে দেওয়ার দাবি করা হয়। পরিবার বলছে, ওই এলাহীই মোহাম্মদ ইলিয়াছ।

অভিযোগ রয়েছে, বাবা-মায়ের মৃত্যুর পর নিজের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে ইলিয়াছ পরবর্তীতে ভাইবোনদের জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেন। ওই ঘরে মাদক ব্যবসার অভিযোগের প্রতিবাদ করায় তাঁর আপন ভাই জামাল, বোনের জামাই দিদারুল ইসলামসহ স্বজনদের বিরুদ্ধে ইলিয়াছ ও তাঁর স্ত্রী রেনুয়ারা বেগম পৃথক দুটি নালিশি মামলা করেন বলে দাবি ভুক্তভোগীদের।

তবে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে রেনুয়ারা বেগমের করা একটি মামলাকে ঘিরে।

আদালতের নথিতে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর দেড়টার একটি ঘটনায় মোহাম্মদ জিয়া নামে একজনের বয়স ২০ বছর দেখিয়ে তাঁকে আসামি করা হয়েছে।

অথচ পরিবারের দাবি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানজিদুল হাসান। ইবনে খালদুন স্কুলের প্রত্যয়নপত্রে দেখা যায়, ঘটনার দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তানজিদুল বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিদ্যালয়ের হাজিরা রেজিস্টার এবং একই দিন সকাল ১১টার সময়চিহ্নযুক্ত সিসিটিভির স্থিরচিত্রও পাওয়া গেছে।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর বাঁশখালী থানায় দাখিল করা একটি অভিযোগে ইলিয়াছের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলার তথ্য উল্লেখ করে পরিবারের নিরাপত্তা চাওয়া হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বর্তমানে বিরোধপূর্ণ জমি দখলে রেখে ইলিয়াছ তাঁদের আরও মামলা দিয়ে ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁরা জমির মালিকানা যাচাই, অবৈধ স্থাপনা ও কথিত মাদকের আস্তানা উচ্ছেদ, পরিবারের নিরাপত্তা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিষয় ইলিয়াছ ও তাঁর স্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রশ্ন উঠেছে, পারিবারিক সম্পত্তি বিরোধের আড়ালে মাদক ব্যবসা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কতটা সত্য? আর একজন স্কুলপড়ুয়া কিশোরকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগের নেপথ্যেই বা কী?

এসব প্রশ্নের উত্তর এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংক্ষেপে:
বাঁশখালীর শেখেরখীলে ভাইবোনের জমি দখল, মাদকের আস্তানা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইলিয়াছের বিরুদ্ধে। পরিবারের দাবি, ১৪ বছরের স্কুলছাত্রকে ২০ বছর বয়সী দেখিয়ে মামলায় জড়ানো হয়েছে। তদন্ত দাবি।
বাঁশখালীতে জমি দখল ও মাদকের আস্তানার অভিযোগ, মামলায় স্কুলছাত্রকে প্রাপ্তবয়স্ক দেখানোর দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ