চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তোহা (৪৫)। তিনি ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া ‘অ্যাডভোকেট ক্লার্কস’ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হওয়ার ঘটনায় তিনি প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সন্দেহ করেন। এ বিষয়ে জানতে তিনি রাতে এজাহার মিয়ার বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন তোহা। পরে তাকে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশা চালক মহিউদ্দিন জানান, রাতে বাড়ি ফেরার পথে তিনি ঝগড়া হতে দেখেন। তোহা প্রতিবেশী এজাহার মিয়ার ঘর তল্লাশি করতে চাইলে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে মারামারিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ সুমন দাবি করেন, এজাহার মিয়ার পরিবারের সদস্যরা কলা চুরি করেছে এবং এর প্রত্যক্ষদর্শীও রয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, কলা চুরির বিষয়ে প্রতিবেশী এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করলে কথা-কাটাকাটি হয়। কিল-ঘুষি ও টর্চলাইটের আঘাতে তোহার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় স্থানীয়রা আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে ঘটনার পর থেকে পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধরে মোহাম্মদ তোহা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



0 মন্তব্যসমূহ