নব্বইয়ের দশক থেকে স্টুডিওর চার দেয়াল পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করে আসছেন হানিফ সংকেত। লোকজ ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরার ধারাবাহিকতায় এবারের পর্বটি ধারণ করা হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এই বিশেষ পর্বটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানটির নান্দনিক মঞ্চ নির্মাণ করা হয়। অনুষ্ঠান ধারণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল এবং নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এবারের ইত্যাদিতে লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল দুটি বিশেষ গান পরিবেশন করেছেন। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। এছাড়া জেলার পরিচিতিমূলক একটি গানে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা এবং কোরিওগ্রাফিতে ছিলেন এস কে জাহিদ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। দর্শক পর্বে লক্ষ্মীপুরের চারজন দর্শক বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে একটি নাট্যাংশে অভিনয়ের সুযোগ পেয়েছেন। নিয়মিত প্রতিবেদনের মধ্যে রয়েছে লক্ষ্মীপুরের সয়াবিন চাষ, নারিকেল ও সুপারি বাগান এবং জেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র। এছাড়া নদীভাঙনে নিঃস্ব হওয়া এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একটি মানবিক প্রতিবেদনও স্থান পেয়েছে।
বিদেশি পর্বে তুলে ধরা হবে বিশ্বের অন্যতম দর্শনীয় উপকূলীয় সড়ক ‘গ্রেট ওশান রোড’। নিয়মিত ব্যঙ্গাত্মক নাট্যাংশে অভিনয় করেছেন আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, মুকিত জাকারিয়া, কামাল বায়েজিদ, আজম খান, আবদুল্লাহ রানা, জিল্লুর রহমান, বড়দা মিঠু, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, নূরে আলম নয়ন ও সুজাত শিমুলসহ আরও অনেকে।
লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিশেষ পর্ব প্রচারিত হবে ৩১ জুলাই। হানিফ সংকেতের উপস্থাপনায় এই পর্বে থাকছে জেলার নানা বৈচিত্র্য ও তারকাদের উপস্থিতি।


0 মন্তব্যসমূহ