চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার পর ভাসমান অবস্থায় চার নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলার তাদের উদ্ধার করে।
উদ্ধারকারী বোটের স্টাফরা জানান, সকালে কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু সময় পর তারা মাঝ নদীতে লাইফ জ্যাকেট পরা চার ব্যক্তিকে ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বোটে তুলে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক ছিলেন। তাদের বহনকারী নৌযানটি দুর্ঘটনায় ডুবে গেলে তারা সাগরে ভেসে ছিলেন। পরবর্তীতে তাদের ট্রলারে করে সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়।
এদিকে এই উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বাল্কহেডটি কোথা থেকে আসছিল বা কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি।
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবে যাওয়ার পর ভাসমান চার নাবিককে জীবিত উদ্ধার করেছে একটি যাত্রীবাহী ট্রলার। লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকা এই শ্রমিকদের উদ্ধার করে সন্দ্বীপে নেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ