বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী কয়েকদিনের আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। শনিবার ও রোববার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক স্থানে বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। বিশেষ করে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে টানা পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রসহ বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।



0 মন্তব্যসমূহ