গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিজ উদ্দিন নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাতের এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। নিহত ৩৫ বছর বয়সী গাজী রাফিজ উদ্দিন খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আহত ব্যক্তিরা হলেন মুরাদ হোসেন ও আশরাফ আলী। তাঁরা বর্তমানে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর আটক ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের বাসিন্দা এবং চক্রবর্তী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চক্রবর্তী এলাকায় একটি দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিজ উদ্দিন। এ সময় পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাফিজ সেই বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে আতাউর তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিজসহ কয়েকজনের ওপর হামলা চালান। পেটের ডান পাশে ছুরিকাঘাতে রাফিজ গুরুতর আহত হন। আহত অবস্থায় রাফিজসহ তিনজনকে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। পরে রাফিজের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত বুধবার রাত একটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে পুলিশ। কাশিমপুর থানার উপপরিদর্শক শফিক আহমেদ জানান, ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ির বিক্রেতার ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং অভিযুক্ত বিক্রেতাকে আটক করেছে পুলিশ।


0 মন্তব্যসমূহ