দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি অনুমোদিত পদ শূন্য রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর মোট সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের হালনাগাদ পরিসংখ্যানের ভিত্তিতে এই শূন্য পদের হিসাব তুলে ধরা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শীর্ষ পর্যায়ের পদগুলোর বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সিনিয়র সচিব ও সচিবের ৬৯টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে ৬৭ জন কর্মরত আছেন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ১ হাজার ৬৪৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এই চার স্তরের মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। অতিরিক্ত জনবল নিয়োগ প্রসঙ্গে মো. আব্দুল বারী স্পষ্ট করেন যে, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত কোনো জনবল নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বর্তমানে দেশে মোট সরকারি চাকুরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন।



0 মন্তব্যসমূহ