সরকারি চাকরিতে স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। আজ মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ আয়োজিত এই কর্মসূচি থেকে দাবি আদায় না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, অন্যান্য পেশার তুলনায় এমবিবিএস ডিগ্রি অর্জন করতে অন্তত দুই বছর সময় বেশি লাগে। সাধারণ ক্যাডারের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে তা আগের মতোই ৩২ বছর রাখা হয়েছে। একে বৈষম্যমূলক উল্লেখ করে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক ফাতেমা জান্নাত বলেন, অদৃশ্য কারণে চিকিৎসকদের সঙ্গে এই বৈষম্য করা হচ্ছে, যার দ্রুত অবসান প্রয়োজন।
বারডেমের চিকিৎসক তোফায়েল আহমেদ দিহান জানান, বয়স বৃদ্ধির যৌক্তিক দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক মো. রোমান সরকার অভিযোগ করেন, প্রায় এক মাস আগে স্বাস্থ্যসচিব চিকিৎসকদের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন সচিব ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসক হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক উপায়ে অধিকার আদায় না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে চিকিৎসক সমাজ। এর আগে ২০২৩ সালেও তারা শাহবাগে আন্দোলনের সময় হামলার শিকার হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার দাবিতে শাহবাগে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। দাবি আদায় না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।



0 মন্তব্যসমূহ