চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) সফরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরকালে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করার পাশাপাশি পানিবন্দি মানুষের খোঁজ নেবেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
রবিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান প্রতিমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ইকবাল কনভেনশন হল প্রাঙ্গণ থেকে প্রতিমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। এরপর তিনি বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখবেন এবং দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ তুলে দেবেন।
সম্প্রতি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরিচালিত সব সরকারি সংস্থার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সমন্বয় করবেন। তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং স্থানীয় প্রশাসনের ত্রাণ মজুত পরিস্থিতি মূল্যায়ন করবেন। এই দায়িত্ব পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিশাল এলাকা এখনো পানির নিচে রয়েছে। মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য পানিবন্দি মানুষ। এমন পরিস্থিতিতে প্রতিমন্ত্রীর এই সফর ও ত্রাণ কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদারের প্রত্যাশা করছেন।
চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামীকাল সোমবার তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকি করবেন।



0 মন্তব্যসমূহ